স্থানীয় সরকার নির্বাচনের কেনাকাটা-প্রচারে ৭২ কোটি টাকা ব্যয় করবে ইসি
- আপডেট সময় : ১১:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 12
স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কেনাকাটা এবং প্রচারণা ও মুদ্রণে ৭২ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। আগে থেকে মজুত নির্বাচনসামগ্রী ব্যবহারের পাশাপাশি নতুন করে বেশ কিছু সামগ্রী কেনাকাটা এবং নির্বাচনকেন্দ্রিক প্রচারণার জন্য এই অর্থ খরচ হবে।
নানা জটিলতায় স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত না হলেও আগামী জানুয়ারিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট দিয়ে এই কার্যক্রম শুরু করতে চায় নির্বাচন কমিশন। এর আগে আগামী ১২ অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটের সামগ্রী কেনাকাটা শুরু করতে চায় তারা। যা ধাপে ধাপে আগামী বছরের ১৭ জুন শেষ হবে।
তবে উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আগামী বছরের ৮ জানুয়ারি থেকে ১৭ জুনের মধ্যে কেনাকাটা সম্পন্ন করার পরিকল্পনা করেছে ইসি। নির্বাচনসামগ্রী কেনাকাটা ও প্রচারণার সব ব্যয় রাজস্ব বাজেট থেকে মেটানো হবে।
ইসি সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গত মাসে সংস্থার ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনার খাতভিত্তিক ব্যয় বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। যা এরই মধ্যে ইসির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
ইসির এই বার্ষিক পরিকল্পনায় বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটা ছাড়াও ইসির সামগ্রিক কার্যক্রম পরিচালনায় মোট প্রায় ১৩২ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ব্যয়ের পরিকল্পনা রয়েছে স্থানীয় সরকার নির্বাচনের নির্বাচনসামগ্রী কেনাকাটা এবং প্রচারণা ও মুদ্রণ খাতে।
বরাদ্দের বাকি অর্থ ইসির তথ্যপ্রযুক্তি, জনসংযোগ, যানবাহন এবং বিভিন্ন দাপ্তরিক সেবা ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।



























