বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- আপডেট সময় : ০৮:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 18
অনলাইন গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন কর্মী নিশ্চিত করেছেন, তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন; মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে খালিদী সম্পাদকীয় ও গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। এ ছাড়া যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক পদে কাজ করেন। তিনি ঢাকা, লন্ডন, প্যারিস ও টোকিওর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেন।
খালিদী ২০১৩ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের নৃতাত্ত্বিক সমাজকে মূলধারা সমাজের সঙ্গে গড়ে তোলার জন্য দ্বিপক্ষীয় সমর্থন আদায় করেন।
খালিদী ২০১৭ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ায় অবদানের বিশেষ স্বীকৃতি ও সম্মাননা হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন। ওই বছর ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে এ সম্মাননা দেওয়া হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।




























