কানাডায় সম্পদের পাহাড় সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুরের
- আপডেট সময় : ১২:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 13
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম ও তার পরিবারের কানাডায় ব্যবসা, সম্পদ ও আর্থিক লেনদেনের বিস্তৃত তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। প্রায় এক দশকের লেনদেন বিশ্লেষণ করে কানাডায় তাদের একাধিক কোম্পানি ও ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।
গোয়েন্দা নথিতে শেখ নুর ইসলাম, তার স্ত্রী শীলা ইসলাম এবং দুই মেয়ে দিশা ইসলাম ও তাসনিম ইসলামের নাম রয়েছে। তাদের কানাডার নাগরিকত্ব এবং সেখানে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার তথ্যও উঠে এসেছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, ২০১২ সালের ২৬ এপ্রিল থেকে ২০২২ সালের ১৯ এপ্রিল পর্যন্ত শেখ নুর ইসলাম ও তার পরিবারের আর্থিক কর্মকাণ্ডের ১৬৩টি প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। এসব নথিতে সন্দেহজনক লেনদেন, বড় অঙ্কের নগদ লেনদেন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং আন্তঃদেশীয় অর্থ লেনদেনের তথ্য রয়েছে।
কানাডায় তাদের নাগরিকত্ব থাকার তথ্য এবং সেখানে অন্তত চারটি কোম্পানির অস্তিত্ব, সম্পত্তি ও লেনদেনের তথ্য তাদের কর নথিতে গোপন করার অভিযোগের সূত্র ধরে আগে থেকেই তদন্ত করে আসছিল কর আদায়ের সংস্থাগুলো।
সম্প্রতি ঢাকায় নিউ গিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপির লোকজনকে দায়ী করার পর বিষয়টি ফের আলোচনায় এসেছে।
২০১২ সালের ২৬ এপ্রিল থেকে ২০২২ সালের ১৯ এপ্রিল পর্যন্ত নুরুল ইসলামের পরিবারের লেনদেনের যে হিসাব রয়েছে সেগুলো বিশ্লেষণ করা হয়ছে। খতিয়ে দেখা হয়েছে এ সময়ের মোট ১৬৩টি আর্থিক প্রতিবেদন।
সেখানে ‘সন্দেহজনক’ লেনদেনের ১৭টি, ‘সন্দেহজনক’ লেনদেনের চেষ্টার দুটি, ‘বড় অঙ্কের’ নগদ লেনদেনের ১১৮টি, ‘ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক-ইএফটিএন’ মাধ্যমে অর্থ স্থানান্তরের প্রতিবেদন ২৬টি এবং আন্তদেশীয় অর্থ লেনদেনের দুটি নথির খোঁজ মিলেছে। মিলেছে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকা রেমিটেন্স আনার তথ্যও।
আয়কর গোয়েন্দা ইউনিটের একজন কর্মকর্তা বলেন, “দেখেন, নুর ইসলামের তো নানান ব্যবসা। মদের ব্যবসা। তার বন্ডেড ওয়্যারহাউজ আছে। তার বিরুদ্ধে নানান অভিযোগ ছিলই। আমরা এরমধ্যে জানতে পেলাম যে তার ও তার পরিবারের কারো কারো বিদেশি নাগরিকত্ব আছে।




























