বিশ্ব হার্ট দিবস আজ
দেশে হৃদরোগে প্রতিদিন প্রায় ৭৭৭ জনের মৃত্যু
- আপডেট সময় : ১০:৪১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 31
দেশে হৃদরোগে প্রতিদিন গড়ে ৫৬২ থেকে ৭৭৭ মানুষের মৃত্যু হচ্ছে। একই সময়ে প্রতিদিন নতুন করে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন প্রায় ২ হাজার ৭২০ জন। বর্তমানে দেশে কোনো না কোনো হৃদরোগে ভুগছেন আনুমানিক ১ কোটি ২ লাখ ৬২ হাজার ১৯০ জন। অথচ বিপুলসংখ্যক রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই অধিকাংশ সরকারি মেডিকেল কলেজে। কোথাও আবার ক্যাথল্যাব আছে, কিন্তু যন্ত্র অচল; কোথাও যন্ত্র সচল থাকলেও তা পরিচালনার মতো দক্ষ জনবল নেই।
ফলে হৃদরোগের চিকিৎসা, উচ্চশিক্ষা ও জরুরি সেবার সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংকট। দেশের বিভিন্ন প্রান্তের রোগীদের নির্ভর করতে হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোর ওপর। এতে চিকিৎসার ব্যয় বাড়ার পাশাপাশি জরুরি মুহূর্তে ঢাকায় পৌঁছানোর আগেই জীবন হারানোর ঝুঁকিও বাড়ছে।
এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব হার্ট দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডোন্ট মিস আ বিট’ বা ‘হৃৎস্পন্দনকে গুরুত্ব দিন’।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর নতুন করে আক্রান্ত হচ্ছেন ৯ লাখ ৯২ হাজার ৭৩৬ জন। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর হৃদরোগে মারা যায় দুই লাখের বেশি মানুষ।
প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে অসংক্রামক রোগজনিত মৃত্যুর তিন ভাগের এক ভাগের জন্য দায়ী হৃদরোগ।
তিনি বলেন, গত তিন দশকে দেশে হৃদরোগ চিকিৎসার অভূতপূর্ব উন্নতি সাধিত হলে তার ৯০ শতাংশই ঢাকা কেন্দ্রিক, অথচ ৯০ শতাংশ রোগীই থাকেন ঢাকার বাইরে। তাই হৃদরোগের উন্নত ও আধুনিক চিকিৎসা ঢাকার বাইরে পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ ও চর্বি গ্রহণ এবং শারীরিক নিষ্ক্রিয়তা হৃদরোগের অন্যতম প্রধান ঝুঁকি।




























