সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, লুটপাট
- আপডেট সময় : ০১:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / 13
ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিউ গিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, হামলাকারীদের নিশানায় ওই স্টুডিও ছিল না; জায়গা নিয়ে দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটেছে।
ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল হক বলেন, “সেখানে জায়গা নিয়ে ঝামেলার কারণে এক পক্ষ মধ্যরাতে জায়গা দখল করতে যায়। এসময় টিনশেড ঘরে ভাড়া থাকা স্টুডিওটি ভাঙচুরের ঘটনা ঘটেছে।”
রাতের বেলা ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে দুজন ছিলেন। ঘটনার বর্ণনায় তাদের একজন বলেন, ১০০-১৫০ জনের মতো লোক এসে শাটারগুলো কোপানো শুরু করে।
“ওরা খুব দ্রুত ভেতরে চলে আসছে। আসার পর সবকিছু ভাঙচুর করছে। এখানে মালামাল যা ছিল সবকিছু নিয়ে নিয়ে গেছে। আর যেটা নিতে পারে নাই, সেটা ভেঙেচুরে রেখে গেছে।
আমরা ওয়াশরুমের মধ্যে লুকায়ে ছিলাম। পরে ওইখানে দুইজন গেছে, ওদের হাতে এরকম বড় সাইজের চাপতি ছিল, গান ছিল। ওরা গিয়েই বলতেছে, ‘তোমাদের কাছে যার কাছে যা আছে, ওটা দিয়ে দাও’। ফোন নিছে, মানিব্যাগ—যার কাছে যা ছিল সবকিছুই নিয়ে গেছে। ওরা মনে করেন ছোট ছোট কাপড়ের টুকরাও রাখে নাই, সবগুলাই নিয়ে গেছে।”
ঘটনার পরে স্টুডিওতে আসা সালমান মুক্তাদির বলেন, “একটা শুটে কত খরচ হয় আপনারা জানেন। সেখানে ৩০-৪০টা ক্লায়েন্টের যখন সবকিছু নিয়ে যায়, কত ক্ষতি হতে পারে—এটা যদি চোখ বন্ধ করেও কিছু একটা ধারণা করা হয়…
“আমি ভাবছিলাম আমার প্রতি শত্রুতা, বাট দেখলাম যে পুরা প্রজেক্টেই ওরা হামলা করছে। সো প্রজেক্ট রিলেটেড কিছুই হইছে—এতটুক আমি শিওর।”




























