ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ২১৪
- আপডেট সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 13
সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়াল ২১৪ জনে । এ ছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৪৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের প্রাণহানি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১০৫ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে ৩৭ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৬, চট্টগ্রাম বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুরে ৪ জন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, চট্টগ্রাম বিভাগে ২০৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০, বরিশাল বিভাগে ২০৪, রাজশাহী বিভাগে ৫৭, ময়মনসিংহ বিভাগে ১১২ ও রংপুর বিভাগে ৫৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, মোট আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৬ শতাংশ নারী। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিসংখ্যান বিপরীত—মৃতদের মধ্যে নারী ৫৩ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৪৬ দশমিক ৯ শতাংশ।




























