এলএনজি সরবরাহ বেড়ে ১০৯ কোটি ঘনফুট
- আপডেট সময় : ১০:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 21
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কমে যাওয়া এলএনজি সরবরাহ আজ শুক্রবার দ্রুত বেড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এলএনজি থেকে ৬৮ কোটি ৬০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া গেলেও আজ শুক্রবার রাত ৮টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ কোটি ২০ লাখ ঘনফুটে। অর্থাৎ এক দিনের ব্যবধানে সরবরাহ বেড়েছে ৪০ কোটি ৬০ লাখ ঘনফুট। তবে সরবরাহ বাড়ার সুফল রাজধানীতে তাৎক্ষণিকভাবে পৌঁছেনি।
শুক্রবার দিনভর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে পড়েন আবাসিক গ্রাহক ও সিএনজিচালকরা।
পেট্রোবাংলার হিসাবে, আজ শুক্রবার রাত ৮টায় জাতীয় সঞ্চালন লাইনে মোট গ্যাস সরবরাহ ছিল ২৬৯ কোটি ৪০ লাখ ঘনফুট। এর মধ্যে দেশীয় উৎস থেকে ১৬০ কোটি ২০ লাখ এবং এলএনজি থেকে ১০৯ কোটি ২০ লাখ ঘনফুট পাওয়া যায়। গতকাল সন্ধ্যা ৬টায় মোট সরবরাহ ছিল ২৩০ কোটি ১০ লাখ ঘনফুট।
বৃহস্পতিবার মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর ব্যাহত হয়। এতে এলএনজি সরবরাহ নেমে যায় ৬৮ কোটি ৬০ লাখ ঘনফুটে। এর আগের কয়েক দিন সরবরাহ ছিল প্রায় ৯৯ থেকে ১০০ কোটি ঘনফুট।




























