অপ্রতিমের মায়ের ২০২৪ সালের জুলাইয়ের ফেসবুক পোস্ট আলোচনায়
- আপডেট সময় : ০৬:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 22
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ১৩ বছর বয়সী অপ্রতিম শাহরিয়ারকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবার। অপ্রতিমের লাশ উদ্ধারের পর সামনে এসেছে তার মায়ের ২০২৪ সালের জুলাইয়ের একটি ফেসবুক পোস্ট।
২০২৪ সালের ১৮ জুলাই কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের সময় ঘটনাস্থলে গিয়েছিলেন ড. নাহিদা বেগম। পরে নিজের ফেসবুক পোস্টে সেদিনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
পোস্টে তিনি লিখেছিলেন, ‘স্পট থেকে এলাম, চোখের সামনে ছররা গুলি আর টিয়ারশেল নিক্ষেপ দেখলাম।’
ড. নাহিদা জানান, আতঙ্কিত ছাত্রীদের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। আহত শিক্ষার্থীদের সহযোগিতা করার চেষ্টা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি লিখেছিলেন, ‘জানি কিছু করতে পারব না তবু আতঙ্কিত ছাত্রীদের ফোন পেয়ে দৌড়ে ছুটলাম, আহত ছাত্রদের জন্য হাতে পেস্ট নিয়ে ঘোরা ছাড়া করার কিছু ছিলও না।’
ওই পোস্টে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন ড. নাহিদা। তিনি লিখেছিলেন, ‘আমি বিপ্লব আন্দোলন করা মানুষ না। করিও নাই ওইভাবে কখনো।’ তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনের সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
হল ছাড়ার পরিস্থিতি তৈরি হলে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগের পরামর্শও দেন ড. নাহিদা। কোনো ছাত্রী পথে সমস্যায় পড়লে কিংবা থাকার জায়গার প্রয়োজন হলে তাকে ফোন করার আহ্বান জানান তিনি। প্রয়োজনে তার কাছে থাকার ব্যবস্থা করা যাবে বলেও উল্লেখ করেন।
পোস্টের শেষ দিকে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লিখেছিলেন, ‘সবাই ভালো থাকুক।’
























