সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১০:০০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / 18
পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারে ৪৮টি ‘এফ-৩৫ লাইটনিং টু’ যুদ্ধবিমান বিক্রির চুক্তিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, এই চুক্তির আওতায় যুদ্ধবিমানের পাশাপাশি প্র্যাট অ্যান্ড হুইটনির ৪৯টি ইঞ্জিন, যোগাযোগ সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ এবং অন্যান্য উপকরণ পাবে সৌদি আরব।
পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই সমরাস্ত্র বিক্রি ‘উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের একটি প্রধান নেটো-বহির্ভূত মিত্রের’ নিরাপত্তা জোরদার করবে।
“একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে।”
চুক্তির মূল ঠিকাদার হিসেবে কাজ করবে টেক্সাসের লকহিড মার্টিন অ্যারোনটিকস এবং কানেটিকাটের প্র্যাট অ্যান্ড হুইটনি।
গত নভেম্বরে হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আতিথ্য দেওয়ার ঠিক আগের দিন এই সম্ভাব্য চুক্তির কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
























