রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, কিয়েভে নিহত ৭
- আপডেট সময় : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 16
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এরই মধ্যে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার অভ্যন্তরে আর্কটিক অঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস কারখানায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ওই হামলার পর কারখানাটিতে আগুন ধরে যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভে রুশ হামলায় চারজন নিহত হন। একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে একটি শপিং সেন্টারে ড্রোন হামলায় নিহত হন আরও তিনজন।
মাইকোলাইভের ভারপ্রাপ্ত গভর্নর হেওরহি রেশেতিলভ বলেন, সেখানে রুশ হামলায় বেসামরিক ও শিল্প অবকাঠামো—দুই ধরনের স্থাপনাই ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। তিনি টেলিগ্রামে জানান, হামলায় অন্তত আরও ১৯ জন আহত হয়েছেন।
সুমিতে হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সুমি আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হ্রিহোরভ। টেলিগ্রামে তিনি বলেন, আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মাইকোলাইভে হামলার কথা নিশ্চিত করেছে। তবে তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল একটি ড্রোনের গুদাম। মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা কৃষ্ণসাগরের ওদেসার কাছে ইউক্রেনের বন্দরনগরী চর্নোমোরস্ক এবং দুটি জাহাজেও হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এসব স্থাপনা ও লক্ষ্যবস্তু সামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল।
ইউক্রেনে এসব হামলার আগে রুশ কর্তৃপক্ষ জানিয়েছিল, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ইয়ামাল-নেনেতস অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। অঞ্চলটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ২ হাজার ৮০০ কিলোমিটার বা ১ হাজার ৭০০ মাইল দূরে।
ওই অঞ্চলের গভর্নর দিমিত্রি আর্তিউখভ জানান, হামলার লক্ষ্য ছিল নোভি উরেংগয়ের একটি শিল্প স্থাপনা। তিনি টেলিগ্রামে বলেন, হামলাটি প্রতিহত করা হয়েছে। তবে ড্রোনের পড়ে যাওয়া ধ্বংসাবশেষের কারণে সেখানে আগুন ধরে যায়। তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো মৃত্যু বা আহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও ধরন নির্ধারণ করা হচ্ছে।
























