‘বান্ধবীকে’ বিয়ের আশায় নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা, সার্জারির পর তরুণীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 22
বান্ধবীকে বিয়ে করার আশায় নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে স্তন অপারেশন করেছিলেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের রোজি আক্তার লিজা (৩১)। অপারেশনের কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
মৃত লিজা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের (রব রাজ) মেয়ে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর বিকেলে ঢাকার পান্থপথ-গ্রীন রোড এলাকার ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে লিজার স্তন অপারেশন করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
ওইদিন বিকেলে পরিবারের সদস্যরা লিজার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেলে এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে সন্ধ্যার মধ্যেই তাকে দাফন করা হয়।
এদিকে হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। সনদে লিজার নাম ‘সরফরাজ’ এবং লিঙ্গ পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ৩ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিষয়টি জানতে হাসপাতালের দেওয়া নম্বরে যোগাযোগ করা হলে লিমন নামে এক ব্যক্তি নিজেকে হাসপাতালের অ্যাডমিন হিসেবে পরিচয় দেন। তিনি এ বিষয়ে হাসপাতালের জিএমের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পরে ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালের জিএম বিশ্বজিত বৈদ্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
এরপর চিকিৎসক ডা. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে পরে ফোন করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

























