পূজা চেরীর বিয়ের গুঞ্জন, জানা গেল তারিখ
- আপডেট সময় : ০১:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 28
অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে একটি নির্দিষ্ট তারিখ।
আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। তবে বিয়ের স্থান, পাত্রের পরিচয় কিংবা আয়োজনের বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পূজা চেরী।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি আপাতত অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সময় তিনি স্পষ্ট করেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে তখন বিয়ের তারিখ কিংবা হবু স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি।
এরপর আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, পূজা চেরী নাকি ইতোমধ্যে বিয়ে করে ফেলেছেন। পরে সেই গুঞ্জনে পানি ঢেলে অভিনেত্রী নিজেই জানান, তার এখনো বিয়ে হয়নি। বিয়ে হলে বিষয়টি সবাইকে জানাবেন।
সেই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই এবার ১৬ সেপ্টেম্বরের তারিখ সামনে এসেছে। জানা গেছে, ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তবে পাত্র কে, কোথায় বিয়ের আয়োজন হবে কিংবা বিয়ের পর তার পরিকল্পনা কী—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা।
























