সংবাদ শিরোনাম ::
উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ০৪:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 23
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ ঘাটে বিএনপির পক্ষ থেকে ৭ থেকে ৯ সেপ্টেম্বর এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। একই স্থানে দুই দলের পৃথক আয়োজনকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়।
বিএনপি ও জামায়াতের আয়োজকরা জানান, উভয় পক্ষই নিজেদের নির্ধারিত সময়ে নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নিয়েছিল। ফলে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, দুই পক্ষের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, নৌকাবাইচ আয়োজনের বিষয়ে কোনো পক্ষই উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

























