কালিয়াকৈরে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
- আপডেট সময় : ০২:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 21
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর মৃধাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়াগামী যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পরে গুরুতর আহত দুজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
























