ভুয়া ভিসা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান নুর
- আপডেট সময় : ০৩:১৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 20
ভুয়া ভিসা ব্যবহার করে সার্বিয়া যাওয়ার চেষ্টা করা কয়েকজন যাত্রীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বুধবার দুপুরে আরটিভির এক সংবাদকর্মীর মাধ্যমে ঘটনাটি জানতে পারেন বলে ফেসবুক পোস্টে জানান তিনি। ভিসা যাচাইয়ের সময় ভুয়া প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট যাত্রীদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেরত পাঠায়।
ঘটনার পেছনে থাকা দালাল ও প্রতারক চক্র শনাক্ত করতে সার্বিয়ার বৈধ ভিসাধারীদের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী। ঢাকায় অবস্থানরত বৈধ ভিসাধারীদের বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে মন্ত্রণালয়ে তার দপ্তরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।
নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে অসাধু দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নুরুল হক নুর।
























