ম্যাড স্টারস ২০২৬-এ এসডিজি গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’
- আপডেট সময় : ১১:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 23
আন্তর্জাতিক বিজ্ঞাপন ও সৃজনশীলতার প্রতিযোগিতা ম্যাড স্টারস ২০২৬-এ এসডিজি বিভাগে গ্র্যান্ড প্রিক্স অর্জন করেছে ডিবিএল সিরামিকসের টেকসই উদ্যোগ ‘টাইলচক’।
এ উদ্যোগের জন্য জনসংযোগ এবং ব্র্যান্ড অভিজ্ঞতা ও সক্রিয়করণ বিভাগেও দুটি ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেয়েছে ডিবিএল সিরামিকস।
ডিবিএল সিরামিকসের উদ্যোগে তৈরি ‘টাইলচক’ প্রকল্পে সিরামিক উৎপাদন প্রক্রিয়ায় তৈরি বর্জ্য বা কাদা ব্যবহার করে শ্রেণিকক্ষে ব্যবহারের চক তৈরি করা হয়। এর মাধ্যমে শিল্পকারখানার বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ‘টাইলচক’ অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স অ্যাওয়ার্ডস ও স্পাইকস এশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
ডিবিএল সিরামিকসের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ‘টাইলচক’ নিয়ে পাওয়া প্রতিটি স্বীকৃতিই তাদের জন্য গুরুত্বপূর্ণ। এসব অর্জন ভবিষ্যতে বর্জ্য কমানো ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হ্রাসে আরও কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে।
ডিবিএল সিরামিকস ও পপ ফাইভের যৌথ উদ্যোগে তৈরি ‘টাইলচক’-এর মাধ্যমে সিরামিক শিল্পের বর্জ্য পুনর্ব্যবহারের একটি স্থানীয় সমাধান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে।




























