হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 2
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৯০ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৯৫ জনে পৌঁছেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। মোট ১ হাজার ৪৬৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৭ জনের। এ সময়ের মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের হাম শনাক্ত হয়।



























