গঙ্গার পানিবণ্টনে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ
- আপডেট সময় : ১২:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 10
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে গ্যারান্টি ক্লজসহ ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ সরকার। সেখানে প্রাপ্যতার ভিত্তিতে সমানভাবে পানিবণ্টন হতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান-তেজগাঁও লিঙ্ক রোডের আলোকি কনভেনশন সেন্টারে ‘কল্লোলিনী: এ রিভার ডায়ালগ ২০২৬’ শীর্ষক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী এসব কথা বলেন।
বিশ্ব নদী দিবস উপলক্ষে টিম ইউরোপ ইনিশিয়েটিভ অন ক্লাইমেট অ্যান্ড এনার্জি এই জাতীয় সংলাপের আয়োজন করেছে। এর আয়োজক হিসেবে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, এজেন্স ফ্রঁসেজ দ্য ডেভেলপমেন্ট (এএফডি), নেদারল্যান্ডস দূতাবাস, জিআইজেড এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস। আর সমন্বয়ে রয়েছে রেড অরেঞ্জ লিমিটেড ও ডেল্টারেস।
গঙ্গার পানিবণ্টন প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী আরও বলেন, ‘শীত বা শুকনা মৌসুম বা বর্ষা মৌসুমে কি ধরনের হবে, সেখানে কোন সময় কতটা পানির প্রয়োজন, সেটার একটা হিসাব রয়েছে। সে হিসাব অনুযায়ী এখানে একটা গ্যারান্টি ক্লজ ইনক্লুড করা হয়। প্রাপ্যতার ভিত্তিতে আমি যেন সঠিক সময়ে সঠিক পানিটা পাই সেটা হল আমাদের সবচেয়ে বড় কাজ এবং গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, শুষ্ক মৌসুমে পানি না থাকলে এবং গ্যারান্টি ক্লজ যুক্ত না হলে অনেক সাফার করতে হবে। এটা একটা মরুভূমি হয়ে যাবে। কৃষিকাজ ও মাছের উৎপাদন ব্যাহত হবে। সর্বোপরি একটা অর্থনৈতিক যে রূপান্তর সেই রূপান্তর থেকে আমরা বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত হয়ে পড়ব এবং সাধারণ মানুষ সুবিধা পাবে না। যেটা দেশের জন্য সবচেয়ে বড় ধরনের ক্ষতি হবে। বর্ষা মৌসুমে পানির ঢলে বন্যা বা অতি প্লাবনেও আমরা ক্ষতিগ্রস্ত হব।
তিস্তা ব্যারেজ নির্মাণ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সরকার ইতোমধ্যে দেশি-বিদেশি অনেকগুলা ফিজিবিলিটি স্টাডি হাতে নিয়েছে। যার মধ্যে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স রয়েছে, আমরা তাদের সেই সাপোর্ট নিচ্ছি। খুব শিগগিরই ম্যারেজ করার জন্য আমাদের যে স্টাডি কমপ্লিট করে দৃশ্যমান করা দরকার সেই দিকে আমরা নজর দিয়েছি। সে কাজটা দ্রুত আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, আমরা দ্রুত করার জন্য কাজ শুরু করেছি।























