আর্থিক সংকটে বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের
- আপডেট সময় : ০৬:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 7
প্রবল আর্থিক সংকটের জের ধরে আর্থিক কাঠামো পুনর্গঠন করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এর অংশ হিসেবে কমানো হচ্ছে ক্রিকেটারদের বেতন। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে অনেক দিন ধরেই ধুঁকতে থাকা ক্যারিবিয়ান বোর্ড।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে বলছে, “আর্থিকভাবে, উন্নয়নমূলকভাবে এবং প্রতিযোগিতামূলকভাবে যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তার বিরুদ্ধে একটি ব্যাপক পাল্টা আক্রমণ এই পদক্ষেপ।” আন্তর্জাতিক ক্রিকেটাররা ১২ মাসের চুক্তিতে থাকলেও ঘরোয়া ক্রিকেটারদের চুক্তি কমিয়ে করা হবে সাত মাস।
তবে এই পদক্ষেপে বোর্ডের কিছুটা আর্থিক স্বস্তি মিললেও ক্যারিবিয়ান ক্রিকেটের পুরোনো একটি সংকট তীব্রতর হবে আরও। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জগতে ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য নিজ দেশের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করার যে বৈশ্বিক প্রবণতা ক্রিকেটারদের, সেখানে বরাবরই অগ্রণী ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।
সেই ১৫-১৬ বছর আগে ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোরা যা ধারা শুরু করেছিলেন, ক্যারিবিয়ান ক্রিকেটে তা এখন প্রবলভাবেই আছে তো বটেই, বিশ্বজুড়েও ছড়িয়ে পড়েছে। এখন বোর্ডের বেতন কমানোর এই পদক্ষেপের কারণে এই প্রবণতা ক্যারিবিয়ান ক্রিকেটে আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।




















